দুই বাংলার দুই রক তারকা জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে পৌঁছেই প্রিয় শিল্পী জেমসের সঙ্গে দেখা করেছেন রূপম। দীর্ঘদিন পর সাক্ষাতে জেমসের পা ছুঁয়ে সালাম করেন তিনি। মুহূর্তটির একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন রূপম।
ভিডিওতে জেমসের পাশে দাঁড়িয়ে রূপম ইসলাম বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু। তাকে আমি মহাগুরু বলি। ছোটবেলা থেকে যার গান শুনে অন্য এক আমেজ পেয়েছি। শুধু আমার প্রজন্ম নয়, একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা জেমস ভাইয়ের গানে প্রভাবিত।’
দীর্ঘদিন পর দেখা হওয়া নিয়েও কথা বলেন দুই শিল্পী। রূপম জানান, ২০০৭ সালে বাংলাদেশে জেমসের সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ২০১১ সালের দিকে ঢাকার একটি রক ফেস্টে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ওঠেন তারা।
এ সময় জেমস বলেন, ‘এবার আমাদের প্রচুর কথা হবে। সময় পাওয়া যাচ্ছে, কথাও হবে, ঘোরাঘুরিও হবে।’
এর আগে ২০২৪ সালে ভারতের ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম।
এবার সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে একই মঞ্চে দেখা যাবে দুই বাংলার এই দুই রক তারকাকে। কনসার্টটি ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
