টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের জোর গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিনের সিঙ্গেল স্ট্যাটাস ভেঙে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে পারেন ৩৭ বছর বয়সী মিমি। পাহাড়ি শহর কালিম্পংয়ে হতে পারে বিয়ের আয়োজন।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মিমির কথিত হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন। পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সম্পর্কের বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি মিমি। কলকাতার কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, বিয়েকে ঘিরে দুই পরিবারে প্রস্তুতিও শুরু হয়েছে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও দাবি করা হচ্ছে।
তবে বিয়ে কিংবা সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি চক্রবর্তী বা তার কথিত হবু বর।
মিমির বিয়ে নিয়ে এর আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক এই অভিনেত্রী। ক্যারিয়ারকেই বরাবর বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর বিভিন্ন সময়ে তার প্রেম ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও কোনো সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি মিমি।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার হাতে। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই বিয়ের নতুন গুঞ্জন সামনে আসায় স্বাভাবিকভাবেই ভক্তদের কৌতূহল বেড়েছে।
তবে শেষ পর্যন্ত বিয়ের খবরটি সত্যি কি না, সে বিষয়ে মিমির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

