Wednesday, November 4

ইতালির ভেনিসে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কঠিন সময়ে সবার পাশে থাকাকে জীবনের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান বাঁধন। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’

ঘটনার পর বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও স্মরণ করেন অভিনেত্রী। তিনি বলেন, আইনি ও মানসিকসহ বিভিন্ন ক্ষেত্রে দুই সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ পেয়েছেন, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

বাঁধন আরও বলেন, পুরো যাত্রাপথে যারা তার পাশে ছিলেন এবং তাকে সমর্থন করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ভক্ত ও দেশবাসীর ইতিবাচক প্রতিক্রিয়ায় অভিভূত হয়েছেন জানিয়ে অভিনেত্রী বলেন, সবার ভালোবাসা পেয়ে তিনি নিজেকে ধন্য ও অত্যন্ত কৃতজ্ঞ মনে করছেন। একই সঙ্গে ভক্তদের কাছে তার জন্য দোয়া চেয়েছেন তিনি।

বাঁধন লেখেন, ‘দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি ভেনিসে অবস্থানকালে একদল দুষ্কৃতকারীর হামলা ও হেনস্থার শিকার হন বাঁধন। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস, স্থানীয় প্রশাসনসহ দেশে-বিদেশের বিভিন্ন মহল তার পাশে দাঁড়ায় এবং প্রতিবাদ জানায়।

Leave A Reply


Math Captcha
42 − 33 =