Thursday, November 5

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচজনকে শনাক্ত করার দাবি করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বাংলাফ্যাক্টের বরাত দিয়ে বলা হয়েছে, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ওই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদের সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে দাবি করা হয়েছে।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন শিপলু মাহমুদ বিপ্লব, হাওলাদার মনিরুল, আলতাফ পাহাড়, ইলিয়াস মিয়া ও মাসুম খালাসি।

জুলাই অভ্যুত্থানের সময় সোচ্চার ছিলেন অভিনেত্রী বাঁধন। গত মঙ্গলবার ইতালির ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটে।

একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। অভিযোগ অনুযায়ী, ভাইয়ের সঙ্গে ভেনিসের রাস্তায় বের হলে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা তাকে হেনস্তা করেন।

এদিকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

তাদের দাবি, এসব অপতথ্যের একটি বড় অংশ বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও বিএনপি সরকারকে ঘিরেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
84 − 82 =