বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে টম হল্যান্ড অভিনীত মার্ভেল সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির মাত্র ৩৬ দিনের মধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে ৯০০ মিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে সিনেমাটি। এর মাধ্যমে উত্তর আমেরিকায় দ্রুততম সময়ে এই আয় করা সিনেমার রেকর্ড গড়েছে এটি।
এর আগে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ৫০ দিনে উত্তর আমেরিকার বক্স অফিসে ৯০০ মিলিয়ন ডলার আয় করেছিল। ফলে মাইলফলকটি ছোঁয়ার সময়ের হিসাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগের রেকর্ডটি ১৪ দিন কমিয়ে দিয়েছে। তবে ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার তালিকায় এটি দ্বিতীয়।
মুক্তির পর টানা ছয় সপ্তাহ উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। সাম্প্রতিক হিসাবে দেশীয় বাজারে এর আয় ৯২৩ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে পিটার পার্কার চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, স্যাডি সিংক ও জন বার্নথাল।
বক্স অফিসে এমন সাফল্যের ফলে ‘ব্র্যান্ড নিউ ডে’ এখন উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার রেকর্ডেরও কাছাকাছি। বর্তমানে সেখানে শীর্ষে রয়েছে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’, যার আয় ৯৩৬ দশমিক ৬ মিলিয়ন ডলার।

