ইতালির ভেনিসে লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে আইনগত ব্যবস্থা না নিয়ে ভেনিস ছাড়বেন না।
মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, “আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়বো।”
এর আগে সোমবার রাতে ভেনিসে লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী।
মঙ্গলবার দুপুরে দেওয়া পোস্টে বাঁধন বলেন, “আমি আমার মাথা কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।”
ঘটনার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে জানিয়ে বাঁধন বলেন, “আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ফোন করেছেন। ওনার অফিস থেকে লোক আসছে। ওনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।”
ঘটনার পক্ষে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। বাঁধন বলেন, “যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেক জনকে আইডেন্টিফাই করেছি।”
এদিকে বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
বাঁধন আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি।”
বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে ঘটনার শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

