ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও ভাইয়ের শিশুসন্তানকে নিয়ে হাঁটতে গেলে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাঁধনকে ঘিরে কয়েকজনের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। সেখানে তাকে হেনস্তা ও গালিগালাজ করার দৃশ্যও রয়েছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধন, তার ভাই ও শিশুটিকে নিরাপদে সরিয়ে নেয় বলে জানান তিনি।
পরে ফেসবুক লাইভে ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাঁধন। তিনি বলেন, মেস্ত্রেতে ভাই ও তার পরিবারের সঙ্গে একটি পার্কে হাঁটতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাংলাদেশি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তার শরীরে পানি ও কোক ছুড়ে মারেন।
বাঁধনের অভিযোগ, এ সময় তার গায়ে হাত তোলা হয়, ফোন ফেলে দেওয়া হয় এবং কানের পাশে আঘাত করা হয়। তার সঙ্গে থাকা ভাইয়ের চার বছরের কম বয়সী শিশুটিও আতঙ্কিত হয়ে কাঁদছিল বলে জানান তিনি।
অভিনেত্রীর দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে উল্লেখ করে এবং তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন কি না, তা নিয়ে কথা বলেন। এ সময় তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ও আপলোড করা হচ্ছিল বলেও অভিযোগ করেন বাঁধন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি যে সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন। জুলাই আন্দোলনের পরও তার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি। হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে তাদের বেরিয়ে আসা উচিত ছিল।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাঁধন আরও বলেন, হামলাকারীদের আচরণে তার মনে হচ্ছিল, তাকে হয়তো মেরেও ফেলা হতে পারে। তিনি বলেন, তিনি শুধু হোটেলের পাশের একটি পার্কে ভাই ও ছোট শিশুটিকে নিয়ে হাঁটতে গিয়েছিলেন।
ভেনিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং সজীব ওয়াজেদ জয় সেখানে রয়েছেন কি না, তা নিয়েও ফেসবুক লাইভে কথা বলেন বাঁধন। তবে সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে অবস্থানের বিষয়টি তিনি ‘শুনেছেন’ বলে উল্লেখ করেন।
বাঁধন বলেন, এ ধরনের আচরণ কোনো রাজনৈতিক দলের জন্যই ইতিবাচক নয়। একই সঙ্গে এমন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সচেতন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার পর বাঁধন জানান, তিনি বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

