বিমানে উঠে কৌতুক করতে গিয়ে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একটি প্রাইভেট চার্টার্ড বিমানকে ‘খেলনা বিমান’ ও ‘লেগো প্লেন’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় তার বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করা হয়েছে।
ঘটনাটি গত বছরের ডিসেম্বরের। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার জন্য ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামের একটি প্রতিষ্ঠানের প্রাইভেট চার্টার্ড বিমান ভাড়া করেছিলেন নোরা। বিমানে ওঠার পর সেটিকে ছোট মনে হওয়ায় নিজের ফোনে ভেতরের কিছু দৃশ্য ধারণ করেন তিনি।
পরে সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন নোরা। ভিডিওতে হাসতে হাসতে বিমানটিকে ‘খেলনা বিমান’, ‘ছোট্ট একটা মডেল’ ও ‘লেগো প্লেন’ বলে মন্তব্য করেন তিনি। নোরার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা চার কোটিরও বেশি হওয়ায় ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
এরপরই আপত্তি তোলে বিমান সংস্থাটি। তাদের দাবি, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন এবং টেকনিক্যাল জ্ঞানহীন। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিমানটি অনিরাপদ বা যাত্রী পরিবহনের অনুপযোগী বলে ভুল ধারণা তৈরি হয়।
সংস্থাটির দাবি, ভিডিওটি প্রকাশের পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং একের পর এক ফ্লাইট বাতিল হতে থাকে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে।
ডিউনস অ্যাভিয়েশনের ভাষ্য, নোরা যে বিমানটিকে নিয়ে মন্তব্য করেছেন সেটি ‘সেসনা সাইটেশন সিজে২’ মডেলের একটি মানসম্পন্ন উড়োজাহাজ। মুম্বাই-জয়পুর রুটে চলাচলের জন্য বিমানটি উপযুক্ত এবং এর প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ও ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর অনুমোদন রয়েছে।
বিমান সংস্থাটির অভিযোগ, কোনো তথ্য যাচাই না করেই নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন, যার ফলে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানির মামলা করেছে ডিউনস অ্যাভিয়েশন। ক্ষতিপূরণের পাশাপাশি নোরার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ারও দাবি জানানো হয়েছে।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জাজ আর. আগরওয়ালের আদালতে হওয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিছক মজা করে দেওয়া একটি ভিডিও কীভাবে বড় ধরনের আইনি জটিলতায় রূপ নিতে পারে, নোরার বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলাকে ঘিরে এখন সেই বিষয়টিই আলোচনায় এসেছে।

