এক প্রয়াত যাত্রাশিল্পীর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর একটি সাধারণ জানাজা। কিন্তু সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে তার মেয়েকে মুখোমুখি হতে হয় ধর্মীয় বিধান, সামাজিক নিষেধাজ্ঞা এবং ক্ষমতার অদৃশ্য দেয়ালের। এমনই এক গল্প নিয়ে মঞ্চে আসছে নাট্যদল ‘চারণিক’-এর নতুন প্রযোজনা ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’।
মাহফুজা হিলালীর লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। চারণিকের ষষ্ঠ প্রযোজনাটি আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত হবে।
নাটকটির মূল চরিত্রে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা।
নাট্যকারের ভাষ্য অনুযায়ী, একজন প্রয়াত শিল্পীর শেষ ইচ্ছাকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের গল্প। সেই ইচ্ছা বাস্তবায়নের পথে উঠে আসে সমাজের নানা বিধিনিষেধ, ধর্মীয় অনুশাসনের ব্যাখ্যা এবং ক্ষমতার কাঠামোর নানা অদৃশ্য বাধা।
নাটকটির অন্যতম প্রধান অনুসন্ধান শিল্পী, বিশেষ করে নারী শিল্পীদের প্রতি সমাজের দীর্ঘদিনের বঞ্চনা। ব্যক্তির ইচ্ছা, সামাজিক বাস্তবতা ও ক্ষমতার কাঠামোর সংঘাতের মধ্য দিয়ে সেই বঞ্চনার চিত্রই মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
একক অভিনয়নির্ভর এই প্রযোজনায় একজন নারীর অভিজ্ঞতা ও সংগ্রামের মধ্য দিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

