পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘পাওরি গার্ল’খ্যাত দানানির মোবিন আবারও আলোচনায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন নাটক ‘হুরমত’-এর টিজার। এক মিনিটেরও কম সময়ের টিজারেই দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
‘হুরমত’-এ কেন্দ্রীয় চরিত্রে একই নামে অভিনয় করেছেন দানানির মোবিন। টিজার দেখে ধারণা করা হচ্ছে, হুরমত এমন এক তরুণী, যে নিজের বাড়িতেই অনেকটা বন্দিজীবন কাটায়। তাঁর বাবা মেয়ের চলাফেরা ও জীবনের বিভিন্ন সিদ্ধান্তের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতিও নেই তাঁর।
টিজারের একটি দৃশ্যে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন ও ইচ্ছাগুলো যেন চারপাশের নিষেধাজ্ঞার দেয়ালে আটকে আছে। সেই বন্দিদশা থেকে ধীরে ধীরে নিজের পরিচয় ও স্বাধীনতার সন্ধানে এগিয়ে যাওয়ার গল্পই উঠে আসবে নাটকটিতে—এমন ইঙ্গিত মিলেছে টিজারে।
‘হুরমত’ প্রচার হবে পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হিউম টিভি’তে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার। সমাজের গুরুত্বপূর্ণ নানা বিষয় গল্পে তুলে ধরার জন্য পরিচিত এই লেখক। সেই ধারাবাহিকতায় ‘হুরমত’ও যে কেবল একজন নারীর স্বাধীনতা অর্জনের গল্পে সীমাবদ্ধ থাকবে না, টিজারে তার আভাস পাওয়া গেছে।
মোমিনা দুরাইদের প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাদিম সিদ্দিক। গল্পে থাকছে নানা বাঁক ও চমক। তবে ‘হুরমত’ কবে থেকে প্রচার শুরু হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের একটি ছোট সংলাপ ‘পাওরি হো রাহি হ্যায়’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এরপর বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ নামে পরিচিতি পান তিনি।

