Thursday, November 5

ঢালিউড অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। কাজের খবর, ব্যক্তিগত জীবন কিংবা সন্তানদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে সাদা পোশাক ও চোখে সানগ্লাস পরা পরীমণির কোলে একটি ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’

পরীমণির এমন পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি আবারও মা হয়েছেন অভিনেত্রী?

পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রশ্নের জবাবও দিয়েছেন পরীমণি। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’।

অন্য এক ভক্ত মজা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে পরীমণি লেখেন, ‘আর ৯৭টা।’

পরীমণি বরাবরই শিশুদের প্রতি তাঁর ভালোবাসার কথা প্রকাশ করে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও নিয়মিত শেয়ার করেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারেও একাধিকবার অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

এ কারণে অনেকে ধারণা করছেন, পরীমণি হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন। এর আগে তিনি একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছিলেন। তবে নতুন শিশুটিকে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দত্তক নেওয়া বা মা হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট করেননি।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম শাহীম মোহাম্মদ পূণ্য। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলেকে একাই লালন-পালন করছেন তিনি।

পরবর্তীতে একটি কন্যাশিশুকেও দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে সন্তানদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

‘ভালোবাসা সীমাহীন’, ‘মহুয়া সুন্দরী’ ও ‘রক্ত’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন পরীমণি।

Leave A Reply


Math Captcha
− 3 = 5