Thursday, November 5

ঢাকাই চলচ্চিত্রের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। অকালপ্রয়াণের তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে তার আবেদন এতটুকুও ম্লান হয়নি। পর্দার সেই স্বপ্নের নায়ককে আজও ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত। প্রয়াণের ৩০ বছর পূর্তিতে প্রিয় সহশিল্পী সালমান শাহকে আবেগঘন স্মৃতিতে স্মরণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

শুক্রবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সালমান শাহকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন শাবনূর। সেখানে প্রয়াত এই নায়ককে ‘পর্দার প্রিয় রাজপুত্র’ ও ‘স্বপ্নের নায়ক’ হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান তিনি।

পোস্টে সালমান শাহকে হারানোর দীর্ঘশ্বাস, তার স্মৃতির প্রতি ভালোবাসা এবং চলচ্চিত্রে তার রেখে যাওয়া অপূরণীয় শূন্যতার কথা তুলে ধরেন শাবনূর।

শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অম্লান। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক—তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

তিনি আরও লেখেন, ‘তোমার অকালপ্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’

সালমান শাহর আত্মার শান্তি কামনা করে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

সালমান শাহ ও শাবনূর জুটি ঢাকাই চলচ্চিত্রে দর্শকের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তার প্রভাব এখনো বাংলা চলচ্চিত্রে দৃশ্যমান। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতিও তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় তারকায় পরিণত করেছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। তার মৃত্যুর পর পেরিয়ে গেছে তিন দশক। তবে সময়ের এই দীর্ঘ ব্যবধানও মুছে দিতে পারেনি দর্শকের হৃদয়ে গেঁথে থাকা এই নায়কের স্মৃতি। প্রজন্ম বদলালেও ভালোবাসায় আজও অমর হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই স্বপ্নের নায়ক।

Leave A Reply


Math Captcha
78 − = 72