Thursday, November 5

ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ভারতীয় ক্রাইম-ড্রামা ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ এবার হাজির হয়েছে বড় পর্দায়। বহুপ্রতীক্ষিত সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’ মুক্তির পর প্রথম শো থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক তারণ আদর্শ সিনেমাটিকে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়েছেন। তার মতে, সিনেমাটি ‘সুপারহিট উইনার’ এবং ‘পিক মাস এন্টারটেইনার’। বড় পর্দায় রূপান্তরের ক্ষেত্রে ছবিটি সিরিজের দীর্ঘ কোনো পর্বের মতো মনে হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

সিনেমাটিতে সিরিজটির পরিচিত রোমাঞ্চ, সহিংসতা ও সংলাপের ধারাবাহিকতা থাকলেও বড় পর্দার জন্য এর নির্মাণে যোগ হয়েছে বৃহত্তর স্কেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অ্যাকশন দৃশ্য। পরিচালক গুরমীত সিং নাটকীয়তা, কৌতুক ও ক্রাইমের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছেন। দ্বিতীয়ার্ধে কিছুটা গতি কম থাকলেও ক্লাইম্যাক্সের জাঁকজমক ছবিটির বড় আকর্ষণ হয়ে উঠেছে বলে সমালোচনায় উঠে এসেছে।

অভিনয়ে মূল চরিত্রগুলোর শিল্পীরাও প্রশংসা পেয়েছেন। ‘কালীন ভাইয়া’ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী এবং ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলী ফজল নিজেদের পরিচিত অভিনয়শৈলী ধরে রেখেছেন। তবে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘মুন্না ত্রিপাঠী’ চরিত্রে দিব্যেন্দু শর্মার প্রত্যাবর্তন। চরিত্রটি পর্দায় আসার সময় প্রেক্ষাগৃহে দর্শকদের উচ্ছ্বাস দেখা গেছে বলে জানিয়েছে ট্রেড বিশ্লেষকরা।

এ ছাড়া জিতেন্দ্র কুমার, রবি কিশন, অভিষেক ব্যানার্জি ও রসিকা দুগলও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

পুনীত কৃষ্ণার লেখায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। ছবির গল্পে ত্রিপাঠী ও পণ্ডিত পরিবারের মধ্যকার সংঘাতের শুরুর দিকের ইতিহাস তুলে ধরা হয়েছে।

মূল হিন্দি ভাষার পাশাপাশি দক্ষিণ ভারতের দর্শকদের জন্য তেলুগু ভাষায় ডাব করেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
− 4 = 2