নাটোরের সিংড়া পৌর শহরে দিনেদুপুরে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকায় বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান শাহিনুর রহমান। এ সুযোগে বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক শাহিনুর রহমান বলেন, “দুপুরে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো। আলমারি ভাঙা দেখে সন্দেহ হয়। পরে দেখি নগদ টাকা ও স্বর্ণালংকার কিছুই নেই। দিনের বেলায় এমন ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত।”
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।”

