গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্তা ফোরকান মিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৮ মে) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩৫), তিন মেয়ে মিম (১৫), মারিয়া (১২), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)। তারা সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, ফোরকান মিয়া পরিবার নিয়ে রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাসায় ভাড়া থাকতেন এবং প্রাইভেটকার চালক হিসেবে কাজ করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে স্ত্রী, সন্তান ও শ্যালককে অচেতন করা হয়। পরে গভীর রাতে স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। একইভাবে ঘুমন্ত তিন সন্তান ও শ্যালককেও হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর ফোরকান মিয়া পালিয়ে যান। পরে স্বজনদের মোবাইল ফোনে কল করে হত্যার বিষয়টি জানান বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

