ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার ২৭ এপ্রিল রাত ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত একই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০), যিনি ফরিদপুর যক্ষা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। নিহতরা হলেন—তার দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, আকাশ প্রথমে তার দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা করে। পরে বাধা দিতে গেলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, আকাশ মানসিকভাবে অস্থির প্রকৃতির ছিলেন। কখনো স্বাভাবিক আচরণ করলেও মাঝে মাঝে অসংলগ্ন হয়ে পড়তেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত আকাশ মোল্লা ঘটনার পর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply


Math Captcha
8 + 2 =