ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর সঙ্গে সংঘর্ষে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার ২৬ এপ্রিল দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া উপজেলার বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে। অভিযুক্ত এলেম খাঁও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মনুবাবুর ঘাট থেকে নৌকায় ওঠেন হানিফ মিয়া। এ সময় নৌকায় বসার জায়গা নিয়ে তার সঙ্গে এলেম খাঁর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে গুরুতর আহত হন হানিফ মিয়া। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

