Wednesday, November 4

সিলেটে দুই শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ফয়জুল হক (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরেরবাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি জৈন্তাপুর উপজেলায়। অভিযোগ ওঠার পর তিনি মাদ্রাসা ছেড়ে নিজ বাড়িতে চলে যান।

বুধবার বিকেলে তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভূঁঞা তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি ওই দুই শিশু মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আর সেখানে যেতে চাইছিল না। অভিভাবকেরা কারণ জানতে চাইলে তারা শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।

ওসি বলেন, অভিযোগ অনুযায়ী, প্রতিরাতে ওই দুই শিশুকে শিক্ষকের কক্ষে যেতে হতো। সেখানে যেতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদের ধর্ষণ করা হয়েছে বলে তারা পরিবারের কাছে জানায়। দুই শিশুর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে।

ওসি আরও জানান, ঘটনার পর এক শিশুর স্বজন বাদী হয়ে ফয়জুল হকের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পর তিনি মাদ্রাসা ছেড়ে জৈন্তাপুরে নিজ বাড়িতে চলে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। অভিযোগের শিকার দুই শিশুর মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
5 + 1 =