রাজবাড়ী সদর উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে এক নারী ও গ্রাম পুলিশ সদস্যকে রশি দিয়ে বেঁধে জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
ঘটনার একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারী ও গ্রাম পুলিশ সদস্যকে জুতার মালা পরানো এবং কোমরে রশি বাঁধা অবস্থায় গ্রামে ঘোরাতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে বহু মানুষকে উপস্থিত থাকতে দেখা যায়।
নির্যাতনের শিকার গ্রাম পুলিশ সদস্য বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, কলা বিক্রির টাকা নিতে ওই নারীর বাড়িতে গেলে স্থানীয় কয়েকজন তাঁকে জোর করে একটি ঘরে নিয়ে যান। এরপর তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে ভিডিও ধারণ করা হয় এবং তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের ডেকে এনে তাঁকে ও ওই নারীকে মারধর, জুতার মালা পরানো এবং রশি দিয়ে বেঁধে ঘোরানো হয়। ওই নারীর চুলও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
তবে ভিডিওতে ওই নারী অনৈতিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করতে দেখা যায়। গ্রাম পুলিশ সদস্যও দাবি করেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপরাধ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ঘটনাটির ভিডিও তাঁর নজরে এসেছে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। তবে এখন পর্যন্ত নির্যাতনের শিকার কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

