Saturday, August 8

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা কামরুল ইসলাম খানের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক

জিডিটি করেন রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম। আবেদনে তিনি উল্লেখ করেন, ফেসবুকে মাওলানা কামরুল ইসলাম খানের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তার ভাইকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি, তার ভাই এবং পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জিডিতে আরও অভিযোগ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামের বাসিন্দা মাওলানা কামরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছ, বিএনপি এবং এর অঙ্গসংগঠনকে নিয়ে অশ্লীল, কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, এসব পোস্টের মাধ্যমে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় পরিবারের সদস্যরা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এমন হুমকির কারণে পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত রাখতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মাওলানা কামরুল ইসলাম খানের বক্তব্য পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, “এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা এবং ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave A Reply


Math Captcha
9 + 1 =