Saturday, August 8

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার শিকার ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

জানা গেছে, প্রায় এক মাস আগে কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী হেঁটে যাওয়ার সময় স্থানীয় সাড়ে ১১ বছর বয়সী এক কিশোর কোনো কারণ ছাড়াই তাকে পেছন থেকে পরপর দুটি লাথি মারে। ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

গত ৬ আগস্ট ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে অভিযুক্ত কিশোরকে কান ধরে ওঠবস করিয়ে ক্ষমা চাওয়ানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর ওই এলাকার বাসিন্দা।

অভিযোগ উঠেছে, ঘটনার শিকার ছাত্রী ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে বিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়েছে। স্কুল চলাকালীন বিদ্যালয়ের বাইরে অবস্থান করার অভিযোগে তাকে টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার সময় স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করার অভিযোগে তার মেয়েকে টিসি দেওয়া হয়েছে। বর্তমানে মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তি করাতে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে।

এ বিষয়ে ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লাথি মারার ঘটনাটি বিদ্যালয়ের সীমানার বাইরে ঘটেছে।

এদিকে, ঘটনাটি পুলিশের নজরেও এসেছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, চাঞ্চল্যকর ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
7 + 2 =