মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসায় পড়া বলতে না পারায় এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মাদ্রাসার এক শিক্ষকের মারধরে শিশুটির মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
অভিভাবকদের অভিযোগ, প্রথমে শিশুটিকে বেত দিয়ে মারধর করা হয়। পরে তাকে একাধিকবার লাথি মারা হয়। এতে সে তীব্র ব্যথায় কান্না শুরু করলে তাকে ধমক দিয়ে বলা হয়, ‘যত কাঁদবে, তত মার খাবে।’ ভয় ও আতঙ্কে শিশুটি কান্না চেপে রাখার চেষ্টা করলেও পরে ব্যথার কারণে আর নিজেকে সামলাতে পারেনি।
এ ঘটনাটি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদ্রাসায় ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে গেলে অভিযোগের সুষ্ঠু সমাধান না করে উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এ সময় আরেক অভিভাবকও অভিযোগ করেন, তার সন্তানের কাটা হাতেও আঘাত করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

