Friday, November 6

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. দিদার আলম ও আবছার মিয়া। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন।

সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

তিনি জানান, গতকাল (রোববার) সীতাকুণ্ড এলাকা থেকে অভিযান চালিয়ে দিদার ও আবছারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। দিদারের বিরুদ্ধে ১৩টি এবং আবছারের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার দুজন ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানের অনুসারী হিসেবে পরিচিত। এর আগে একই মামলায় আরেক আসামি ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ সুপার জানান, কী কারণে এবং কার নির্দেশে মাসুদুল হককে হত্যা করা হয়েছে, তা এখনও তদন্তাধীন। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। পরিবারের দাবি, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, কর্ণফুলী নদীর বালুমহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার দুই দিন পর নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাউজান থানায় মামলা করেন। মামলায় মোহাম্মদ রায়হানসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রথমে ইলিয়াস ও দিদার মাসুদুল হককে লক্ষ্য করে গুলি চালান। পরে ইউসুফ, জাহেদ ও আবছার এগিয়ে গিয়ে আরও কয়েক রাউন্ড গুলি করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। ফুটেজে দেখা যায়, হামলাকারীদের মধ্যে তিনজনের হাতে পিস্তল এবং দুজনের কাছে শটগান ছিল।

এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারীতে নুরুল আজিম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী দিদার আলমকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া মিরসরাইয়ের জোরারগঞ্জে নাজিমকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় মো. বোরহান ও রনি নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
3 + 3 =