Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈয়ের আত্মহত্যার নেপথ্যে তাঁর প্রেমিক ইয়াছিন মজুমদারের ধারাবাহিক মানসিক নিপীড়ন ও হয়রানিকে দায়ী করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই আলমগীর হোসেনের জমা দেওয়া এই অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করেছেন। অন্যদিকে, জামিন বাতিলের পর পরোয়ানাভুক্ত আসামি ইয়াছিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন তাঁর পক্ষের আইনজীবী।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে একসঙ্গে পড়াশোনা করা ইয়াছিন শুরু থেকেই অথৈকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। অথৈ ২০২২-২০২৩ সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সূত্রাপুরের একটি মেসে থাকা শুরু করলে ইয়াছিনও ঢাকায় চলে আসেন এবং লালবাগের একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ নেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও ইয়াছিন প্রতিনিয়ত অথৈকে অপবাদ, গালাগাল ও অপমানজনক কথাবার্তা বলে মানসিক নিপীড়ন করতেন।

বাদীপক্ষের আইনজীবী সুমন কুমার রায় জানান, আসামির কাছে তাঁদের শারীরিক সম্পর্কের একটি ছবি ছিল, যা দিয়ে সে অথৈকে প্রতিনিয়ত ভয় দেখাত এবং মানসিক নির্যাতন চালাত। সিআইডির ফরেনসিক রিপোর্টেও ইয়াছিনের মোবাইল থেকে সেই ছবির অস্তিত্ব পাওয়া গেছে।

গত ২০২৫ সালের ২৯ এপ্রিল ক্যাম্পাসে সংগীত উৎসবের অনুশীলন শেষে মেসে ফিরছিলেন অথৈ। মেসের গেটের সামনে দাঁড়িয়ে ইয়াছিন তাঁকে উৎসবে অংশ নিতে বারণ করেন এবং গালমন্দ করেন। এই অপমান সহ্য করতে না পেরে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অথৈ। পরবর্তীতে ইয়াছিন নিজেই মেসের মালিক ও আশপাশের মানুষকে নিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় অথৈকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ৩০ এপ্রিল অথৈয়ের বাবা প্রণব মজুমদার সূত্রাপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই দিনই গ্রেপ্তার হওয়া ইয়াছিন কয়েক মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান। তবে পরবর্তীতে আদালতে অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এরই মধ্যে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেওয়ার পর জানা যায় আসামি ইয়াছিন মারা গেছেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক জানান, ইয়াছিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সে বেশ কিছুদিন আগে সিরিয়াস অসুস্থ হয়ে এবং হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিষয়টি আদালতের পরবর্তী ধার্য তারিখে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

দুই মেয়ের মধ্যে ছোট অথৈকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা প্রণব মজুমদারের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ হলে তাঁকে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য পাঠানোর পরিকল্পনা করেছিলেন তিনি। শোকে ভেঙে পড়া বাবা বলেন, “আমার মেয়েটাকে পৃথিবী ছাড়তে বাধ্য করা হলো। সন্তান হারানোর বেদনা কেবল ভুক্তভোগী বাবাই বোঝেন। যার কারণে আমি মেয়েকে হারিয়েছি, আমি তার দৃষ্টান্তমূলক সাজা চেয়েছিলাম।”

Leave A Reply


Math Captcha
73 − 66 =