সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে তাঁকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এবং সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বক্তারা।

বুধবার সকাল ১১টায় শ্যামনগরের ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ অংশ নেন।

এর আগে পৌর সদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ঝাড়ু ও জুতা দেখা যায় এবং তারা গাজী নজরুল ইসলামের ছবির প্রতীকী প্রতিবাদ জানান।

পরে উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সুলাইমান কবির। সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং সংশ্লিষ্ট অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সঙ্গে তাঁরা অভিযোগগুলোর বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বক্তারা দাবি করেন, ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও বক্তব্য দেওয়া হয়েছে। তাঁরা এ ঘটনার স্বচ্ছ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা নিরূপণের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, অভিযোগগুলো প্রমাণিত হলে তা একজন জনপ্রতিনিধির জন্য অত্যন্ত গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হবে এবং সংসদের ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত। তাঁরা শিশু সুরক্ষা ও প্রচলিত আইন অনুযায়ী তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ আরও অনেকে।

সমাবেশ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বিষয়টি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানানো হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে এখনো কোনো আদালতের চূড়ান্ত রায় বা সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

Leave A Reply


Math Captcha
3 + 1 =