নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল বাশার (৪৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার বিষয়ে আরও গভীর তদন্ত চলছে। তদন্তে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। এছাড়া তদন্ত শেষ না হওয়া, আসামিদের পরিচয় যাচাই এবং বাদীর এজাহার গ্রহণের আগ পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী মো. মাহবুব আলম জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২ জুলাই রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকা থেকে শোয়েব হোসেন সোয়াইব ও মো. কবিরকে আটক করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকে আদাবর থানা বিএনপির সভাপতি মো. সাদ্দাম এবং সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে আবুল বাশার বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দাম বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
82 − 74 =