সাভারের আশুলিয়ায় ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে বালুচাপা দিয়ে মরদেহ গোপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে হাজির করেন নিহতের স্বজনরা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটসংলগ্ন বালুচর খুঁড়ে নাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ম্যাচ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বালুচরে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।
নিহতের বাবা মোস্তাক বলেন, “আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি চাই।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
© 2026 Dhaka Report. Designed by Ashraful Sarkar.

