রাজধানীর গুলশান এলাকায় এক বিদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে— এমন অভিযোগ উঠলেও বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার ২৮ এপ্রিল দুপুরে গুলশান-২ এলাকার কন্টিনেন্টাল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি ভারতের কাশ্মীরের নাগরিক এবং গুলশানের বারিধারা পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন। তার শরীরে কিছু অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ বলেন, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, নিহত নারীর ছেলে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি বাথরুমে পড়ে গিয়ে আঘাত পান এবং বয়সজনিত কারণে মারা যেতে পারেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি স্বাভাবিক মৃত্যুও হতে পারে। তবে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের ছেলে সুহাইল সলিম কাসিম বলেন, সকালে তার মা সুস্থ ছিলেন। ওয়াশরুমে গিয়ে পড়ে যাওয়ার পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

Leave A Reply


Math Captcha
82 − 74 =