নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট নিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হক রবিন গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদ এবং দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কৃষি মার্কেট এলাকার ব্যবসায়ী ও কয়েক শ স্থানীয় বাসিন্দা অংশ নেন।
বিক্ষোভকারীদের দাবি, মোহাম্মদপুর কৃষি মার্কেটের নিয়ন্ত্রণ ও কমিটি গঠন নিয়ে একটি পক্ষ দীর্ঘদিন ধরে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। আগুনে পুড়ে যাওয়া মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে কাজ করায় এনামুল হক রবিনের ওপর বিভিন্ন সময় হুমকি এসেছে বলেও অভিযোগ তাঁদের।
তাঁদের আরও অভিযোগ, একটি পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিরোধের জেরে প্রশাসনের কিছু কর্মকর্তার সহযোগিতায় রবিনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তাঁরা তাঁর দ্রুত মুক্তি দাবি করেন।
আজিজ মহল্লার বাসিন্দা মো. ইব্রাহিম হোসেন বলেন, ‘আমরা এনামুল হক রবিনকে খুব কাছ থেকে দেখেছি। কৃষি মার্কেট পুড়ে যাওয়ার পর তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য কাজ করছিলেন। পুরো মার্কেট দখলের জন্য একটি পক্ষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। আমরা মনে করি, ওই পক্ষের সঙ্গে যোগসাজশ করে তাঁকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা তাঁর দ্রুত মুক্তি চাই।’
কৃষি মার্কেটের ব্যবসায়ী তানজীব বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলাম। আমাদের মার্কেট দখলের জন্য একটি পক্ষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। মার্কেট দখল করতে না পেরে রবিন ভাইকে অবৈধভাবে অস্ত্র দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে বলে আমরা মনে করি। এ মামলার নিরপেক্ষ বিচারিক তদন্ত চাই। পাশাপাশি তাঁর দ্রুত মুক্তি দাবি করছি।’
বিক্ষোভকারীরা জানান, কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং মার্কেট নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এনামুল হক রবিনের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।

