Wednesday, October 7

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে এসআরবি-২।

সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি জানান, এসআরবি-২ স্বপনকে গ্রেপ্তারের পর শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।

পুলিশ ও এসআরবি সূত্রে জানা গেছে, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদা আদায়, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁওয়ের নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা নেওয়া এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
12 + = 20