Wednesday, October 7

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। সোমবার (৫ অক্টোবর) স্টেশনের ‘এন্ট্রি-এ’ গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছ থেকে একটি বড় ধারালো ছুরি জব্দ করা হয়।

আনসার সদস্যরা জানান, জাকির হোসেন এক নারী যাত্রীর ব্যাগ ধরে টানাটানি করছিলেন। একপর্যায়ে লিফটের সামনে ওই নারীকে ভয়ভীতি দেখানোর সময় বিষয়টি স্টেশনে টহলরত আনসার সদস্য মো. রাকিবুল ইসলামের নজরে আসে।

পরে রাকিবুল ইসলাম এপিসি রোকনুজ্জামান ও আনসার সদস্য শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকির হোসেনকে আটক করেন।

আটকের পর তাঁর দেহ তল্লাশি করে একটি বড় ধারালো ছুরি পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্টেশনের কন্ট্রোলারকে জানানো হয়। পরে কন্ট্রোলারের উপস্থিতিতে জব্দ করা ছুরিসহ জাকির হোসেনকে এমআরটি পুলিশের কাছে সোপর্দ করেন আনসার সদস্যরা।

আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপে বড় ধরনের অপরাধ এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ ঘটনায় ভুক্তভোগী নারীসহ উপস্থিত যাত্রীরা আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।

Leave A Reply


Math Captcha
38 − = 30