গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরের টঙ্গী এলাকার আমতলী কেরানীরটেক থেকে আট কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নার্গিস আক্তার টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকার বাসিন্দা এবং আলাল উদ্দিনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নার্গিস আক্তারকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

