কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিসানের সঙ্গে অভিযোগকারী নারীর প্রেমের সম্পর্কের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।
তবে জিসানের নিখোঁজ হওয়া ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রশিবির। সংগঠনের দাবি, উদ্ধারের পর দীর্ঘ সময় তার সঙ্গে পরিবার বা সংগঠনের প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হয়নি। এছাড়া অভিযোগকারী নারী ও তার বাবাকে পুলিশের তত্ত্বাবধানে আলাদা রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে এক বিধবা নারী জিসান আহম্মেদ প্রধানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

