ঢাকা রিপোর্ট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাড়ে তিন কোটি নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বিগত সময়ে আমাদের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে বিচারের নামে হত্যা করা হয়েছে। এক হাজার নেতাকর্মীকে বিনাবিচারে খুন করা হয়েছে।

পাঁচ হাজার নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। ৭০০ জনকে আয়নাঘরে রাখা হয়েছে, তারা ফিরে এসেছেন। এখনো সাতজনকে ফিরে পাইনি। এদের মায়েদের জবাব নেই আমাদের কাছে। এ সময় কান্নাজড়িত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত সাড়ে ৩ কোটি মানুষের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, যাদের নামে কিছু হয়নি, তারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ল, টেম্পুস্ট্যান্ড দখলে নামল। এত অত্যাচারের পরেও আমরা চুপ থেকে সব সহ্য করেছি।

অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেনি।

একটি দল দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে এসব হবে না, সে কথা জোর দিয়ে বলতে পারি। জনতার উদ্দেশে তিনি বলেন, আবার ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে দিকে আপনাদের সজাগ থাকতে হবে।

সিরাজগঞ্জের ৬টি আসনের প্রার্থীসহ উল্লাপাড়া আসনে সুশিক্ষিত রফিকুল ইসলাম খানকে আপনাদের কাছে উপহার দিয়ে গেলাম। নির্বাচনে জয়ী এবং সরকার গঠন করলে একজন মন্ত্রী পাবেন বলেও ঘোষণা দেন জামায়াত আমির।

তিনি দলটির পক্ষ থেকে দলীয় প্রতীক দাড়িপাল্লা প্রার্থীদের হাতে তুলে দেন। আগামীতে ১০ দলীয় জোট দেশ পরিচালনার দায়িত্ব পাবে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অনেককে তল্পিতল্পা নিয়ে বিদেশ চলে যেতে হয়েছিল।

নারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার গঠনের সুযোগ পেলে মায়ের সম্মান কাকে বলে বিশ্ব তাকিয়ে দেখবে। আপনারা ঘরেও নিরাপদ থাকবেন, বাইরেও নিরাপদ থাকবেন। আমরা মায়ের পেট থেকে এসেছি, সেই মায়েরা অনন্য। তাদের উপযুক্ত মর্যাদা দেব আমরা।

আকাশ থেকে কালো চিল এসে যেন ভোট ছিনতাই করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার কথা বলেন জামায়াত আমির।

Leave A Reply


Math Captcha
+ 63 = 67