Friday, November 6

ভয় দেখিয়ে কিশোরীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছরের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দৈহিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঞা বকুলসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে বকুলসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলার পর রাতেই আবু মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, বুধবার রাতে কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম ভূঞা বকুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে কেন্দুয়ার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় এক আত্মীয় তাকে যৌন নির্যাতন করেন এবং ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দৈহিক সম্পর্কে বাধ্য করা হতো। এ কাজে কয়েকজন সহযোগীও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে কিশোরী।

সম্প্রতি এসব কর্মকাণ্ডে যেতে কিশোরী অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে কিশোরী ও তার বাবাকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, বর্তমানে কিশোরী অন্তঃসত্ত্বা। তবে সন্তানের পিতৃত্বের দায় কেউ স্বীকার করছেন না।

পুলিশ জানায়, মামলার পর কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাত ৩টার দিকে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাউদপাড়া থেকে আবু মিয়াকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।

এদিকে, ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং তার পরিচয় গোপন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave A Reply


Math Captcha
87 − = 77