Friday, November 6

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর একই কক্ষে থাকা অপর ব্যক্তি পলাতক রয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়া থানাধীন বাসাইদ ইউনিয়নের রাজু সিটি এলাকার আমির আলীর বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কক্ষে দুই ব্যক্তি থাকতেন। তারা প্রায় সাত দিন আগে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে তাদের তেমন পরিচয় ছিল না। কক্ষটির দরজা-জানালাও সাধারণত বন্ধ থাকত।

রোববার সন্ধ্যায় ওই কক্ষ থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ।

পুলিশ তালা ভেঙে কক্ষে প্রবেশ করে মেঝেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই কক্ষে থাকা অপর ব্যক্তিকে লাশ উদ্ধারের পর থেকে পাওয়া যাচ্ছে না।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি তাকে হত্যার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
6 + 2 =