ফরিদপুরের মধুখালীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে হাকিম বিশ্বাস (৫৮) নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত হাকিম বিশ্বাস মধুখালী উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগস্ট শিশুটিকে অসুস্থ নানার-নানির কাছে রেখে ব্যক্তিগত কাজে মধুখালী বাজারে যান তার মা। বিকেলে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, প্রতিবেশী হাকিম তাঁর ছয় বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতনের চেষ্টা করেছেন।
পরদিন ৩ আগস্ট শিশুটির মা বাদী হয়ে হাকিম বিশ্বাসকে একমাত্র আসামি করে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে মধুখালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস ২০১৯ সালের ১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট।’

