Saturday, August 15

সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন নাজিম। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অপহরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান অভিযুক্ত শাকিল (২৩) এখনো পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সী ওই ছাত্রী সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে আশুলিয়ার কন্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। অভিযুক্ত শাকিল তাদের প্রতিবেশী। অভিযোগ রয়েছে, শাকিল ও তার সহযোগীরা স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

ভুক্তভোগীর মা আরিফা আক্তার জানান, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাসায় ফিরে যান। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গেলে জানতে পারেন, সে সেখানে নেই। পরে বান্ধবীদের কাছ থেকে জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা তাকে ফুঁসলিয়ে নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave A Reply


Math Captcha
39 + = 41