কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ঘটনার সময়কার একটি ফোনালাপ ফাঁস হওয়া এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগটি ব্যাপক গুরুত্ব পায়।
একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষে শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে, একই মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২০২৫ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বহুল আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে একরামুল হক হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা হলো। পরবর্তী আইনি কার্যক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও তদন্তে পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করা হবে।

