Saturday, November 7

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস খান (২৬) কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে। আটক ব্যক্তি মো. রাসেল, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে এলাকার একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাসেলের ছেলে সিয়াম আহমেদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরোধের জেরে রাসেল ও তাঁর নিকট আত্মীয় ইলিয়াস খানের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শান্ত করেন।

তবে রাতের দিকে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াস খানের বুকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভোরে সিরাজগঞ্জ শহর থেকে মো. রাসেলকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত সিয়াম আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
+ 85 = 90