Saturday, November 7

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মো. সফিকের বিরুদ্ধে। শনিবার (১৩ জুন) সকালে মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁর স্বামী অভিযুক্ত সফিকের মাছের খামারে কাজ করতেন। দুই মাসের বকেয়া বেতন না পাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকালে নদীতে জাল বসানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সফিক তাঁর স্বামীকে মারধর করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও প্রকাশ্যে পেটানো হয় বলে অভিযোগ করেন ওই নারী।

এদিকে সফিকের বিরুদ্ধে খামারে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা। তাঁর দাবি, মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই নারী ও তাঁর স্বামীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয় এবং উল্টো তাঁরাই তাঁর ওপর হামলা চালিয়ে আহত করেছেন।

চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
3 + 6 =