Saturday, November 7

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক হলেও হাসপাতালের লাইসেন্স বাতিল করা যৌক্তিক সিদ্ধান্ত হয়নি।

শফিকুর রহমান বলেন, তদন্তের মাধ্যমে যদি কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি উল্লেখ করেন, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিতি পেয়েছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। হাসপাতালটি বন্ধ হয়ে গেলে সেই সেবাও বন্ধ হয়ে যাবে।

জামায়াতের আমির আরও বলেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কয়েক শ শিক্ষার্থী চিকিৎসাবিজ্ঞান অধ্যয়ন করছেন। পাশাপাশি নার্সিং শিক্ষার্থীরাও প্রশিক্ষণ নিচ্ছেন। লাইসেন্স বাতিলের ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, তারা চাইলে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করতে পারবে।

Leave A Reply


Math Captcha
19 − 11 =