২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক বেলা ১টায় শেষ হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এটি তারেক রহমান সরকারের প্রথম জাতীয় বাজেট, যা সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংসদ না থাকায় বাজেট ও সরকারি ব্যয়সংক্রান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে নির্দিষ্টকরণ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় গত অর্থবছরের বাজেট সংসদের বাইরে ভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছিল। ২ জুন তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সংসদ না থাকায় তাঁর বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল।

