Saturday, November 7

মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকার কথাও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালি অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে আইআরজিসি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দেন। এরপর ইরানের বন্দর আব্বাসসহ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ওই ঘটনার জেরে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় বলে জানা যায়। জবাবে ইরান জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে।

পাল্টাপাল্টি হামলার পর বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান আলোচনার নামে সময়ক্ষেপণ করছে এবং এর মূল্য দেশটিকে দিতে হবে।

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। এ কারণে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনর্মূল্যায়নের কথা জানিয়েছে তেহরান।

উত্তেজনা বৃদ্ধি পেলেও দুই দেশকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে বুধবার কাতারের একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরান সফর করেছে।

Leave A Reply


Math Captcha
16 − 13 =