নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।
নিহত দুই শিশু হলো আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। এ সময় দুই শিশু চুপিসারে ঘর থেকে বের হয়ে খেলতে যায়। পরে সকাল ১০টার দিকে ঘুম ভাঙার পর সন্তানদের বাড়িতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে অনুসন্ধান চালান। সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

