Thursday, November 5

রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দিয়েছে। গজ, ব্যান্ডেজ, প্লাস্টার ব্যান্ডেজ, ড্রেসিং সামগ্রী ও কিছু অ্যান্টিসেপটিক উপকরণের ঘাটতির কারণে অনেক রোগীকে প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ হাজার ৬০০ শয্যার বিপরীতে নিয়মিত সাড়ে ৩ হাজারের বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবায় বাড়তি চাপ তৈরি হয়েছে। প্রতিদিন জরুরি বিভাগে প্রায় ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গুরুতর আহত রোগী রয়েছেন।

এদিকে সম্প্রতি হাসপাতালের মর্গের ৪০ মরদেহ সংরক্ষণক্ষমতাসম্পন্ন হিমাগার বিকল হয়ে যাওয়ায় সেখানে রাখা অজ্ঞাতনামা নবজাতকসহ প্রায় ২০টি মরদেহ পচে দুর্গন্ধ ছড়ায়। পরে হিমাগারটি মেরামত করা হলেও কয়েকটি মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অর্থবছরের শেষ দিকে সাময়িক সংকট তৈরি হলেও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী কেনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই নতুন সরবরাহ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, অতিরিক্ত রোগীর চাপের কারণে কিছু সামগ্রীর সংকট দেখা দিলেও ওষুধের বড় ধরনের কোনো ঘাটতি নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
5 + 4 =