Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে গভীর রাতে জানালার গ্রিল কেটে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি ও একই পরিবারের মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের যৌথ তৎপরতায় ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী মা ও মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল চকুরিয়ার ওই বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত মা এবং তার স্কুলছাত্রী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাতদলটি পালিয়ে যায়।

ঘটনার পর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী শিশুর মামা সাইদুল ইসলাম মারুফ জানান:

“আমার ভাগ্নির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। আমরা এই বর্বরতার সুষ্ঠু বিচার চাই।”

৬ জন আটক, এলাকায় থমথমে পরিস্থিতি

নৃশংস এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ডাকাতি ও ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মঙ্গলবার দুপুরে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। অধিকতর তদন্তের জন্য পুলিশ প্রশাসন ঘটনাস্থলে অবস্থান করছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave A Reply


Math Captcha
+ 71 = 80