Thursday, November 12

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে এবং এই সনদকে তিনি অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে আখ্যায়িত করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে।”

বক্তব্যের শুরুতেই তিনি অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে। জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।”

সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনাকে পেছনে ফেলে নতুন দিগন্তে প্রবেশ করেছে। এই পরিবর্তনের মূল দিকগুলোর মধ্যে রয়েছে সংবিধানের সংশোধন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত নানা নতুন ব্যবস্থা।

ড. ইউনূস নিশ্চিত করেন, জুলাই সনদের মাধ্যমে জাতীয় জীবনে বহু নতুন বিষয় যুক্ত হয়েছে, যা বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 5