ম্যানিলা, ৮ জুন: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ জুন) সংঘটিত এ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানসহ অঞ্চলের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, শক্তিশালী কম্পনে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং অন্তত ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বেশিরভাগই বাণিজ্যিক স্থাপনা। ধসে পড়া ভবনের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা অনুসন্ধান করছে উদ্ধারকারী দল।
Philippine Institute of Volcanology and Seismology জানিয়েছে, মূল ভূমিকম্পের পর স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত ১৩৮টি অনুকম্পন (আফটারশক) রেকর্ড করা হয়েছে।
এসব অনুকম্পনের মাত্রা ছিল ১.৩ থেকে সর্বোচ্চ ৬.৭ পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে, ঘনঘন অনুকম্পনের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
ফিলিপাইন প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সম্ভাব্য সুনামি পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।
উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র: বিবিসি

