ঢাকা, ৭ জুন: শেরপুর জেলা সদর হাসপাতালের নাজুক অবস্থা তুলে ধরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন বলেছেন, মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য যে হাসপাতাল তৈরি করা হয়েছে, সেটিই এখন আইসিইউতে চলে গেছে।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (প্রথম বাজেট অধিবেশন) ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য বলেন, “শেরপুরের ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতেই আমি জাতীয় সংসদে দাঁড়িয়েছি। যে হাসপাতাল মানুষের চিকিৎসাসেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে।”

শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ সড়ক এখনো কাঁচা উল্লেখ করে তিনি বলেন, “দুর্গম পথ পাড়ি দিয়ে একজন অসুস্থ ব্যক্তি, মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা যখন জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে আসেন, তখন বেড না পেয়ে অনেককে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডরে দিনের পর দিন কাতরাতে হয়। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।”

হাসপাতালের জনবল সংকটের চিত্র তুলে ধরে সানসিলা জেবরিন বলেন, “সিনিয়র কনসালট্যান্টের ১০টি পদের সবকটিই শূন্য। অথচ প্রতিদিন প্রায় ৭০০ রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের।”

তিনি আরও বলেন, “হাসপাতালে অ্যাম্বুল্যান্স আছে, কিন্তু চালক নেই। নয়তলা ভবন রয়েছে, কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই।”

শেরপুর সদর হাসপাতালের অবকাঠামোগত ও জনবল সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Leave A Reply


Math Captcha
8 + 1 =